তীব্র গরমের মধ্যেই রাজ্যে স্বস্তির ইঙ্গিত। কালবৈশাখীর প্রভাবে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
আজও রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার বিকেল থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বজ্রপাত ও ঝড়ের সময় অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।