বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে বোর্ড ও সরকারের মধ্যে টানাপোড়েন বাড়ছে বলে মনে করা হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, সরকার যদি অতিরিক্ত হস্তক্ষেপ করে তবে বিষয়টি আইসিসির কাছে তোলা হতে পারে। তবে প্রাক্তন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও সৈয়দ আশরাফুল হক এই অবস্থানকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
তিনি বলেন, বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের অধীন হওয়ায় সরকার চাইলে বোর্ড ভেঙে দিতে পারে। আইন অনুযায়ী সেই ক্ষমতা রয়েছে। তাই আইসিসিকে সামনে এনে চাপ তৈরি করার চেষ্টা করলে তা উল্টে বিসিবির জন্যই সমস্যার কারণ হতে পারে।
আশরাফুল হক আরও জানান, আইসিসি সাধারণত কোনও দেশের প্রশাসনিক বা নির্বাচনী বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে না। অতীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বহুবার পরিবর্তন হলেও আইসিসি হস্তক্ষেপ করেনি।
বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে বিসিবির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।
উল্লেখ্য, এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিবি ও আইসিসির মধ্যে মতবিরোধ সামনে এসেছিল, যার জেরে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়।