মধ্যপ্রদেশের ভোপালের সরকারি হামিদিয়া হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। চিকিৎসকদের গাফিলতির জেরে মৃত ঘোষণা করা এক নবজাতক দাফনের আগেই কেঁদে ওঠে বলে দাবি পরিবারের। ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ এক গর্ভবতী মহিলাকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি প্রিম্যাচিউর কন্যাসন্তানের জন্ম দেন। অভিযোগ, জন্মের পরই চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন।শোকাহত পরিবার শিশুটিকে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। কফনে মুড়ে যখন শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছিল, ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। প্রথমে কেউ বিশ্বাস করতে না পারলেও পরে দেখা যায়, শিশুটি জীবিত।এরপর তড়িঘড়ি তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নবজাতককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।ঘটনার পর পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।