নেপালের রাজনৈতিক মহলে বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। নতুন সরকার গঠনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী KP Sharma Oli-কে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করেছে পুলিশ।
কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, শুক্রবার সকালে বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই আদালতে পেশ করা হতে পারে।
এই গ্রেফতারির নেপথ্যে রয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালজুড়ে শুরু হওয়া ব্যাপক দুর্নীতি বিরোধী আন্দোলন। বিশেষ করে তরুণ প্রজন্ম বা ‘জেন-জ়ি’-দের নেতৃত্বে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের ক্ষোভ, রাজনৈতিক দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনার পরই দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী Balen Shah একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটির কাজ ছিল আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা খতিয়ে দেখা।
সম্প্রতি সেই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্টে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় উচ্চপর্যায়ের নেতৃত্বের তরফে গুরুতর দায়িত্বে গাফিলতি ছিল। সেই তালিকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর নামও উঠে আসে।
কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করেছে। সূত্রের খবর, সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের উপর নির্ভর করছে।
এই ঘটনাকে ঘিরে নেপালের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুললেও, সরকার পক্ষ দাবি করেছে—আইনের পথেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।