ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি অব্যাহত। তার জেরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গেছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কম। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি, ফলে শহরে হালকা শীতের আমেজ ফিরে এসেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টি চলতে পারে, তবে বিশেষ সতর্কতা নেই।
উত্তরবঙ্গেও এখনও অশান্ত আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশে থাকা ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাই রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
মৎস্যজীবীদের এখনও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।