সন্তানের জন্মের পর বাবাদের জন্য পিতৃত্বকালীন ছুটিকে আইনি অধিকার করার দাবিতে রাজ্যসভায় সরব হলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁর বক্তব্য, সন্তানের জন্মের সময় দায়িত্ব শুধু মায়ের উপর চাপিয়ে দেওয়া সামাজিকভাবে অন্যায্য।
এক্স (সাবেক টুইটার)-এ করা পোস্টে চাড্ডা জানান, একটি শিশুর জন্ম হলে বাবা-মা দুজনকেই অভিনন্দন জানানো হয়, কিন্তু যত্ন নেওয়ার দায়িত্ব প্রায় পুরোপুরি মায়ের উপরই পড়ে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি বলেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছেন।
তাঁর মতে, বাবাদের নবজাতকের যত্ন এবং চাকরির মধ্যে বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। একইভাবে, মায়েরও প্রসব-পরবর্তী সময়ে স্বামীর সমর্থন পাওয়া প্রয়োজন। পরিবারে সন্তানের যত্ন নেওয়া একটি যৌথ দায়িত্ব—এই বাস্তবতাই আইনে প্রতিফলিত হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
এছাড়াও, দেশের শহরগুলিতে বাড়তে থাকা যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাঘব চাড্ডা। তাঁর দাবি, যানজটের কারণে প্রতি বছর বিপুল সময় নষ্ট হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতিও বাড়ছে।