চিন-এর রাষ্ট্রদূত সম্প্রতি মন্তব্য করেছেন যে ভারত ও চিনের সম্পর্ক কোনও তৃতীয় শক্তি চাইলেই আলাদা করা সম্ভব নয়। তাঁর দাবি, দুই দেশের উন্নতি নিজেদের মেধা ও পরিশ্রমের ফল, বাইরের কোনও দেশের দয়া নয়।
এই মন্তব্যে স্পষ্টভাবে নাম না করলেও আমেরিকা-কে নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে চিন নিয়ে অতীতের ‘ভুল’ ভারতের ক্ষেত্রে করা হবে না বলে মন্তব্য করা হয়েছিল, তারই জবাব হিসেবে এই বার্তা এসেছে।
চিনা রাষ্ট্রদূত আরও বলেন, ভারত ও চিন ভৌগোলিকভাবে অবিচ্ছেদ্য প্রতিবেশী। তাই সংঘাত নয়, সহযোগিতার পথই বেছে নেওয়া উচিত। তাঁর মতে, দুই দেশই এখন জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং একে অপরের অগ্রগতিতে বাধা না দিয়ে পারস্পরিক সমর্থন জরুরি।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইচ্ছাকৃতভাবে ‘চিন আতঙ্ক’ ছড়িয়ে দুই দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে তথ্য বিচার করে।